
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, ব্যাংকিং সেক্টরে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। তিনি শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রাম কার্যালয়ের কনফারেন্স রুমে ‘এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য: চট্টগ্রাম অঞ্চলের সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন।
গভর্নর ব্যাংকের অনিয়মের বিষয়ে সর্বোচ্চ শাস্তির সুপারিশ করে পরিদর্শন প্রতিবেদন তৈরির জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন, যার মধ্যে এসএমই ও গ্রামীণ অর্থনীতিতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং ‘এক গ্রাম, এক পণ্য’ নীতির কার্যকর বাস্তবায়ন অন্তর্ভুক্ত রয়েছে।
ডিজিটাল লেনদেন ত্বরান্বিত করার জন্য বাংলা কিউআর-এর বিস্তার এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন গভর্নর। তিনি কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং উন্নত ব্যাংকিং সেবা প্রদানের ওপর জোর দেন।
সভায় চট্টগ্রাম অঞ্চলের সামষ্টিক অর্থনীতি, শিল্পায়ন ও ব্যাংকিং খাতের প্রধান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হয়। এতে বলা হয়, চট্টগ্রাম অঞ্চলে প্রায় ২০০টি বন্ধ শিল্প কারখানা রয়েছে, যার ফলে প্রায় ৫ লাখ কর্মী বেকার। এই কারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বৃদ্ধি সম্ভব।
ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি চাপে থাকবে। তিনি কর্মসংস্থান সৃষ্টির জন্য আঞ্চলিক সেন্ট্রাল ব্যাংকিং কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।