
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে তোলা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার কারণে ইরান মার্কিন ঘাঁটিতে হামলার নিশানা ঠিক করতে পারছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি এ বিষয়ে একটি চিঠিতে সতর্কতা প্রকাশ করেছেন।
চিঠিতে কুপার উল্লেখ করেছেন, সংবাদমাধ্যমে সেনাদের মোবাইল থেকে তোলা প্রতিক্রিয়া, ছবি ও ভিডিও দেখে ইরান তাদের হামলার কার্যকারিতা সম্পর্কে দ্রুত ধারণা পাচ্ছে। তিনি বলেন, ওপেন সোর্স তথ্য প্রকাশের ফলে মার্কিন সেনা ও উপসাগরীয় দেশগুলোর বেসামরিক মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে।
সূত্র অনুযায়ী, জর্ডানে অবস্থানরত কিছু মার্কিন সেনাকে মোবাইল ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। জর্ডান ইরানের হামলার অন্যতম লক্ষ্য হিসেবে চিহ্নিত হয়েছে। পুরো অঞ্চলে একই ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স জানান, সেনাসদস্যদের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব বোঝাতে এ বার্তা দেওয়া হয়েছে। কুপার চিঠিতে একটি নির্দিষ্ট ভিডিওর উদাহরণও দিয়েছেন, যেখানে মার্কিন সেনারা ইরানের হামলার সময় বাংকারে আশ্রয় নিচ্ছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে অভিযান শুরু করার পর ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬০০ জনের বেশি আহত হয়েছেন। এই হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা যুদ্ধ-সম্পর্কিত আরও তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।