
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের আদেশ দিয়েছেন জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালত। বুধবার (২৯ জুলাই) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই মন্তব্যের ফলে তাদের ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।
জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহ সভাপতি লায়ন রুমেল সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও টক-শোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী মনিরুজ্জামান জানান, গত বছরের ২৪ মে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। তবে আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। আসামিরা যদি এরপরও হাজির না হন, তবে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ চলবে।
মামলায় সমন জারির পর আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।