ফুলবাড়ির সিপাহীপাড়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল দুই পরিবার
মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সিপাহীপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে একটি বসতবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দুই পরিবারের সদস্যরা।
রবিবার (৭ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে দিনাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিপাহীপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিপাহীপাড়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আবেদ আলী সরকারের বাড়ির ভাড়াটিয়া দুই ভাই সুজন ও সাব্বিরের বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় বাসায় কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুর রহমান জানান, “সকাল ১১টার পর মোবাইল ফোনে অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন জ্বলছে। তবে সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের কাছাকাছি নেওয়া সম্ভব হয়নি। পরে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, আগুনে ঘরের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় তাদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানা গেছে।