বিএনপি নেতা আশরাফ উদ্দিন বকুলকে কারণ দর্শানোর নোটিশ ‘ভুয়া’ — রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সদস্য প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে কেন্দ্রীয় কারণ দর্শানোর নোটিশটি ভুয়া বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী স্পষ্টভাবে বলেন,
> “আমার স্বাক্ষর জাল করে একটি ভুয়া কারণ দর্শানোর নোটিশ তৈরি করা হয়েছে। এই নোটিশের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে এমন কোনো চিঠি ইস্যু করা হয়নি।”
তিনি আরও জানান, কিছু অসাধু ব্যক্তি দলীয় ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এই ধরনের ভুয়া নোটিশ তৈরি ও প্রচার করছে। দল বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠি ভাইরাল হয় যেখানে দেখা যায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্যাডে রুহুল কবির রিজভীর স্বাক্ষরযুক্ত “কারণ দর্শানোর নোটিশ” নামে একটি নথি প্রচারিত হচ্ছে। সেখানে দাবি করা হয়, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে— এই নোটিশটি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা তথ্যনির্ভর।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এই ঘটনার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।